বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের খোশবাস বাজার থেকে জালালপুর গ্রাম পর্যন্ত এক কি.মি রাস্তা প্রায় এক যুগ মেরামতহীন থাকায় খোশবাস বাজার থেকে চান্দিনা উপজেলা যাওয়ার মূল সড়কটি দিয়ে যাতায়াত করতে জনসাধারণ কে অনেক ভোগান্তির স্বীকার হতে হয়েছে। ২০১৯ সালে শেষের দিকে এসে রাস্তাটি মেরামত করায় জনসাধারণের মনে আশা সঞ্চয় হয়েছিল।
কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এই রাস্তাটি মেরামত করার পর এক বছর না যেতেই খোশবাস গ্রামের শেষ প্রান্তে রাস্তাটিতে বৃষ্টির পানি জমে গর্ত দেখা দিয়েছে।
এই মূল সড়কটি দিয়ে প্রতিদিন খোশবাস থেকে কয়েকশ মানুষ যাতায়াত করে থাকেন। প্রতিদিন সি এন জি থেকে যাত্রী নামিয়ে এই যায়গাটি দিয়ে সি এন জি চলাচল করতে হয়। অনেক সময় মালবাহী পরিবহন গুলো আতংকে থাকেন কখন আবার গাড়ি উল্টিয়ে গিয়ে পাশের জলাশয়ে চলে যায়!
রাস্তা মেরামতের বিষয়ে বরুড়া থানার ইঞ্জিনিয়ার মোঃ ফুয়াদ হোসেন কে ফোন করা হলে, তিনি খোশবাস বার্তাকে বলেন, রাস্তা মেরামতের এক বছর হয়ে গেছে এখন আমাদের কিছু করার নেই, যদি আগে যোগাযোগ করা হত তাহলে হয়ত ঠিকাদার কে দিয়ে আমরা কিছু করতে পারতাম। এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ইউপি চেয়ারম্যান ভুমিকা নিয়ে কিছু ইট পেলে মেরামত করতে পারেন।
খোশবাস ইউপির চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন, খোশবাস ইউনিয়নের প্রায় রাস্তা গুলোর অবস্থা এখন বেহালদশা! আমরা প্রতিনিয়ত ইউনিয়নের পক্ষ থেকে কিছু ইট দিয়ে মেরামত করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি। আগামী দুই এক দিনের মধ্যে আমি কিছু ইট দিয়ে ওই যায়গাটা মেরামত করে দেব।


ইউনুছ খান 















