কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের গোপালনগর গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামমোহন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পশ্চিম পাশে অবস্থিত ‘আমানউল্লাহ ভিলা’র দ্বিতীয় তলায় দুটি এনজিও অফিস (উদ্দীপন ও সিদিপ) এবং নিচতলায় বাড়ির মালিকের বাসা। আনুমানিক রাত ২টার দিকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাতদল পুলিশের পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং বাড়ির মালিক ও এনজিও অফিস থেকে মূল্যবান সম্পদ লুট করে নেয়।
ডাকাতদল বাড়ির মালিকের বাসা থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা এবং এনজিও দুইটির অফিস থেকে দেড় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়।
বাড়ির মালিক আমান উল্লাহর স্ত্রী খোশবাস বার্তাকে জানান,
“রাত ১টা ৩০ মিনিটের দিকে মুখোশধারী ১০-১২ জনের একটি ডাকাতদল আমাদের বাসায় ঢুকে পড়ে। তারা আমাদের হাত-পা বেঁধে ফেলে এবং অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়। আমরা পাশের কক্ষে দরজা লাগিয়ে চিৎকার করলে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় হুমকি দিয়ে যায়।”
ঘটনার পর বরুড়া থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু করেছে।


নিজস্ব প্রতিবেদক 









